
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৭ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে আগামীকাল গোলাপগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে।
সফরে অংশ নেওয়া এনসিপির শীর্ষ নেতাদের তালিকায় রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
জাতীয় নাগরিক পার্টির গোলাপগঞ্জ উপজেলা শাখা সূত্রে জানা গেছে, সফরকালে কেন্দ্রীয় নেতারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাদের মতবিনিময়ের কর্মসূচি থাকতে পারে। এই সফরকে কেন্দ্র করে গোলাপগঞ্জে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :