Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ণ /
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছেন যে, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি কবে নাগাদ শুরু হবে বা এর নির্দিষ্ট সময়সীমা কী হবে, সে বিষয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

একই সঙ্গে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে ৫ হাজার জনকে ফেরত নেওয়ার বিষয়েও মিয়ানমারের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র বরাতে আনাদোলু এজেন্সি জানায়, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আনোয়ার ইব্রাহিম এই সমঝোতাকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসন এবং মালয়েশিয়ায় জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবির বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, অনেকেই তাদের ফেরত পাঠানোর কথা বলেন, কিন্তু প্রশ্ন হলো তাদের কোথায় পাঠানো হবে? কারণ অতীতে মিয়ানমার তাদের গ্রহণ করতে অনাগ্রহী ছিল। তিনি আরও উল্লেখ করেন যে, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলস্বরূপ এখন প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গাকে নিতে তারা সম্মত হয়েছে।

কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের বাইরে পেনাংয়ের একটি শিবির থেকে আসা শতাধিক রোহিঙ্গার জমায়েতের পর এই ঘোষণাটি এলো। পরবর্তীতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ সেই দলটিকে কুয়ালালামপুর, সেলানগর এবং পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী অবস্থানে সরিয়ে নেয়।

আনোয়ার ইব্রাহিম আরও জানান, আঞ্চলিক এই শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনী ও সশস্ত্র দলগুলোর সহিংস দমনপীড়নের কারণে লক্ষাধিক রোহিঙ্গা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এবং অনেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে থাকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor