
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার সংগীতজীবনের ৬২ বছর পূর্তি উদ্যাপন করতে অস্ট্রেলিয়ায় দুটি বিশেষ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। প্রায় এক দশক পর দেশটির দর্শকদের সামনে সরাসরি গান গাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই বরেণ্য শিল্পী।
আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন রুনা লায়লা। এই আয়োজনে তার সঙ্গে পরিবেশনায় থাকবে বেঙ্গল সিম্ফনি এবং শিল্পী পিন্টু ঘোষ। এরপর ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’। মেলবোর্নের এই অনুষ্ঠানটি তার ক্যারিয়ারের প্রথম মঞ্চ পরিবেশনা হতে যাচ্ছে।
নিজের এই সফর নিয়ে এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, অনেক বছর পর অস্ট্রেলিয়ায় আপনাদের গান শোনাতে আসছি। ১ আগস্ট সিডনিতে এবং ৮ আগস্ট মেলবোর্নে আপনাদের জন্য অনেক গান গাইব। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে।
জানা গেছে, আজ ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হবেন তিনি। এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত একক সংগীতসন্ধ্যায় দর্শকদের মুগ্ধ করেছিলেন এই শিল্পী। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের সামনে তার দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় গানগুলো পরিবেশনের অপেক্ষায় রয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :