Facebook Twitter Instagram YouTube

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ /
ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে মার্কিন এই বিশেষ দূত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে তার আলোচনার কথা রয়েছে। এছাড়া সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এর আগে বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সার্জিও গোরের সফর প্রসঙ্গে বলেন, এটি তার বাংলাদেশে প্রথম সফর। এই সফরের মাধ্যমে তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সার্জিও গোরের এই সফর ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh