Facebook Twitter Instagram YouTube

ফ্যামিলি কার্ড কর্মসূচি তৃণমূল পর্যায়ে নারী ক্ষমতায়নে যুগান্তকারী: শামা ওবায়েদ


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ / ০
ফ্যামিলি কার্ড কর্মসূচি তৃণমূল পর্যায়ে নারী ক্ষমতায়নে যুগান্তকারী: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার তৃণমূল পর্যায় থেকে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা ফেব্রুয়ারিতে যে ভোট দিয়েছেন, সেই আঙুলের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ফ্যামিলি কার্ডের কথা শোনা যায়নি এবং কোনো সরকারের আমলে এমন উদ্যোগ দেখা যায়নি। হতদরিদ্র পরিবার এবং বিশেষ করে ওই পরিবারগুলোর নারীদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

কর্মশালায় উপস্থিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে শতভাগ স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। কে কোন দল করে, সেটা আপনাদের দেখার বিষয় নয়।’

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা আফরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর রহমান মাসুদ ও হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy