ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বিমানবাহী রণতরিতে বিপুল পরিমাণ অস্ত্র ও বাঙ্কারবিধ্বংসী বোমা তোলা হচ্ছে। একই সঙ্গে ইসরাইলের সামরিক প্রস্তুতি জোরদার হওয়ার ঘটনায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপি ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সরঞ্জাম ও যুদ্ধক্ষমতা মোতায়েন করছে। এর মধ্যে ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি এবং আরেকটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট মোতায়েনের পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ এসব পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর সম্ভাব্য প্রস্তুতি হিসেবে দেখছেন। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন যে সপ্তাহান্তেও হামলা হতে পারে। অন্যদিকে, কয়েকজন বিশ্লেষক মনে করছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে হামলা শুরু হতে পারে। তবে হামলার সময় নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আরব সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটনে নতুন করে অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, রণতরিতে দূর থেকে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র এবং ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের উপযোগী বাঙ্কারবিধ্বংসী বোমা মজুত করা হচ্ছে। রণতরিতে এক সফরের সময় সাংবাদিক শেলবি হলিডে বিপুলসংখ্যক গোলাবারুদের বাক্স স্তূপ করে রাখতে দেখেছেন। একই সময়ে মার্কিন বাহিনী সম্ভাব্য নতুন অভিযানের জন্য যুদ্ধবিমানও প্রস্তুত করছিল। কর্মকর্তাদের মতে, এসব অস্ত্র ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা এবং সুরক্ষিত সামরিক অবকাঠামোতে আঘাত হানার উপযোগী।
বর্তমান সংঘাতের কেন্দ্রে রয়েছে বাণিজ্যিক জাহাজে হামলা, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা। সেপ্টেম্বরের শুরুর পর থেকে স্থলভিত্তিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা তুলনামূলকভাবে সীমিত থাকলেও নতুন করে মার্কিন সামরিক তৎপরতা বাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের প্রচলিত সামরিক স্থাপনাগুলো আগের হামলাতেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নতুন করে হামলা হলে তার প্রভাব বেসামরিক অবকাঠামোর ওপর পড়তে পারে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুতই সংঘাতের অবসান ঘটানো সম্ভব। তবে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সংকটের সমাধান হবে, নাকি নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হবে—তা এখনো স্পষ্ট নয়। ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের ওপরই এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে।
আপনার মতামত লিখুন :