ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।
রিজভী অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাতের বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে।
দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী। তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উস্কানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তিনি একে সরকারের সঠিক নীতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :