Facebook Twitter Instagram YouTube

ক্যানসারের কাছে হেরে জাতীয় দলের স্বপ্ন অধরা তরুণ ক্রিকেটার হৃদয়ের


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ / ০
ক্যানসারের কাছে হেরে জাতীয় দলের স্বপ্ন অধরা তরুণ ক্রিকেটার হৃদয়ের

ক্রিকেটের মাঠে লাল-সবুজের জার্সি গায়ে দেশের প্রতিনিধিত্ব করার অদম্য ইচ্ছা ছিল ফেনীর তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের। চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের এই প্রতিশ্রুতিশীল খেলোয়াড় মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন। কিন্তু মরণব্যাধি ক্যানসার তার সেই স্বপ্নের পথচলা অকালেই থামিয়ে দিল। গত শনিবার (২৪ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হৃদয়ের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে। তার বাবা আবুল কাশেম ও মা-বাবার প্রথম সন্তান হৃদয়ের এক ছোট বোন রয়েছে। রক্ত ও অস্থিমজ্জার ক্যানসার তথা অ্যাকিউট মাইয়েলাইড লিউকেমিয়ায় (এএমএল) আক্রান্ত হওয়ার পর থেকেই তাকে জীবন বাঁচাতে কঠিন লড়াই করতে হয়েছে। যে বয়সে সতীর্থদের সঙ্গে ব্যাট-বলের অনুশীলনে ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তাকে লড়তে হয়েছে প্রাণঘাতী এই রোগের সঙ্গে।

তার চিকিৎসার জন্য অতীতে পাশে দাঁড়িয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২ জুলাই বিসিবি কার্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাশেমের হাতে চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছিলেন। একই পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছিল বিসিবিও। দুই প্রতিষ্ঠানের সহযোগিতায় চিকিৎসা চালিয়ে যাওয়ার আশা তৈরি হলেও শেষ পর্যন্ত মরণব্যাধির কাছে হার মানতে হলো তাকে।

চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে হৃদয়ের বেশ পরিচিতি ছিল। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখার দারুণ সুযোগ ছিল তার সামনে। হৃদয়ের অকালমৃত্যুতে তার পরিবার, স্বজন, সতীর্থ ও স্থানীয় ক্রিকেটাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার ব্যাট হাতে মাঠে নামা, সতীর্থদের সঙ্গে ঘাম ঝরানো আর নতুন ম্যাচের প্রস্তুতির স্মৃতি এখন কেবলই হাহাকার হয়ে রইল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh