
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত জাতীয় আন্তবিশ্ববিদ্যালয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’–এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থনীতি বর্তমানে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির চাপের পাশাপাশি কম কর আদায়, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এখন সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, দেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং সমস্যা লুকিয়ে কোনো লাভ নেই, বরং তা স্বীকার করে সমাধানের পথ খুঁজতে হবে।
বিশ্ব অর্থনীতির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, অনিশ্চয়তাই এখন বিশ্ব অর্থনীতির স্বাভাবিক অবস্থা। বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হওয়া, গত দশকের তুলনায় অর্থায়নের ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণবাদ ও শুল্কবাধা, ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি ও পরিবহন ব্যয়ের অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির প্রভাব বাংলাদেশের মতো আমদানিনির্ভর ও রপ্তানিমুখী অর্থনীতির ওপর সরাসরি পড়ছে। এর ফলে পণ্যের দাম বৃদ্ধি, টাকার বিনিময় হার এবং রপ্তানি আদেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে তিনি মন্তব্য করেন।
নীতিনির্ধারণী পর্যায়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, অর্থ মন্ত্রণালয়ে প্রতিটি দিনই নতুন নতুন চ্যালেঞ্জ বা ‘চমক’ নিয়ে আসে। বাজেট তৈরির অনুমানের চেয়ে জ্বালানির দামের ধাক্কা, বৈদেশিক মুদ্রার চাপ কিংবা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ভিন্ন বাস্তবতায় সিদ্ধান্ত নিতে হয়। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে বাণিজ্যসুবিধার বদলে প্রতিযোগিতামূলক শক্তিতে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে।
সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, করব্যবস্থাকে ন্যায্য ও প্রযুক্তিনির্ভর করা, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করা বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় জনগণের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সব কিছু এক দিনে ঠিক না হলেও সরকার এই লক্ষ্যে অবিচল থাকবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, চাপের মধ্যে সঠিক চিন্তাভাবনা করা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার সক্ষমতা নীতিনির্ধারণী দক্ষতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনার মতামত লিখুন :