
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে জেনারেল অ্যাসেম্বলি হলে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানের শুরুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য রাখেন। পরবর্তীতে ড. খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে, শপথ গ্রহণের পর রাত ১টায় তিনি ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
উল্লেখ্য যে, এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
আপনার মতামত লিখুন :