
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার অতিক্রম করেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আগামী তিন দিনে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা তৈরি করতে পারে। একইসাথে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহের নদীগুলোর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে। নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, এই আকস্মিক বন্যা পরিস্থিতি প্রায় তিন দিন স্থায়ী হতে পারে এবং শনিবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া সুরমা-কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার ও ধরলাসহ বেশ কিছু নদীর পানি দ্রুত বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :