
সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তিনি হাসপাতালের অবকাঠামো, প্রশাসনিক কার্যক্রম, চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীদের সেবার মান সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে হাসপাতালগুলোর ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার, ওয়াশরুমসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। রোগীদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসা সেবার মান সম্পর্কেও খোঁজখবর নেন। পরিদর্শনের সময় শ্যামনগরের এক দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী তরুণীকে চাকরির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
দায়িত্বে অবহেলা ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে তিন কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাস, দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সোহানা সেলিমকে বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। এছাড়া তিনি হাসপাতালের সংস্কারকাজ দ্রুত শেষ করা এবং চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এই নতুন ভবনে প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :