Facebook Twitter Instagram YouTube

দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায়: সুরা কাহাফের শেষ দশ আয়াত


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ণ / ০
দাজ্জালের ফিতনা থেকে মুক্তির উপায়: সুরা কাহাফের শেষ দশ আয়াত

পবিত্র কোরআনের প্রতিটি সুরা ও আয়াত মানবজাতির জন্য হেদায়েত ও রহমতের উৎস। এর মধ্যে কিছু বিশেষ সুরা ও আয়াতের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসুল (সা.) উম্মতকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন। দাজ্জালের মতো ভয়াবহ ফিতনা থেকে বাঁচার উপায় হিসেবে রাসুল (সা.) সুরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করার পরামর্শ দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী, যে ব্যক্তি এই আয়াতগুলো মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এই হাদিসটি ঈমানি দৃঢ়তা ও কোরআনের শিক্ষার সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরে।

সুরা কাহাফের ১০১ থেকে ১০৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তায়ালা মানুষের গাফিলতি, তাওহিদ, ইখলাস ও আখেরাতের বিষয়গুলো অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় বর্ণনা করেছেন। বিশেষ করে ১০৩ ও ১০৪ নম্বর আয়াতে এমন একশ্রেণির মানুষের কথা উল্লেখ করা হয়েছে, যারা নিজেদের ভালো কাজ করছে বলে মনে করলেও বাস্তবে তাদের পরিশ্রম ব্যর্থ। এর মূল কারণ হলো, তাদের আমল আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না অথবা তা রাসুল (সা.)-এর সুন্নাহ অনুযায়ী ছিল না। এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয় যে, ইসলামে আমলের পরিমাণের চেয়ে আমলের বিশুদ্ধতা ও ইখলাস অধিক গুরুত্বপূর্ণ।

পরবর্তী আয়াতগুলোতে যারা আল্লাহর নিদর্শন ও রাসুলদের নিয়ে উপহাস করে, তাদের কঠোর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে। বর্তমান সময়ে দ্বীনের প্রতীক নিয়ে ঠাট্টা-বিদ্রুপকে অনেকেই হালকাভাবে নেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে যারা মুমিন ও সৎকর্মশীল, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেওয়া হয়েছে। ১০৯ নম্বর আয়াতে আল্লাহ তাঁর অসীম জ্ঞানের মহিমা প্রকাশ করে ঘোষণা করেছেন যে, সমুদ্র যদি তাঁর বাণী লেখার কালি হয়, তবুও তাঁর বাণী শেষ হবে না। এই আয়াত মানুষের সীমাবদ্ধতা উপলব্ধি করে রবের সামনে বিনম্র হতে শেখায়।

সুরাটির শেষ আয়াতে ইসলামের মূল ভিত্তি হিসেবে তিনটি শর্ত—বিশুদ্ধ তাওহিদ, রাসুল (সা.)-এর সুন্নাহর অনুসরণ এবং ইবাদতে একনিষ্ঠতার কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। বর্তমান সময়ে চারদিকে নানা বিভ্রান্তি ও ফিতনা ছড়িয়ে পড়েছে। দাজ্জালের আবির্ভাব না ঘটলেও তার পূর্ববর্তী বহু ফিতনা আজ দৃশ্যমান। তাই নিয়মিত সুরা কাহাফের শেষ দশ আয়াত তেলাওয়াত, এর অর্থ অনুধাবন এবং তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়ন করা জরুরি। কোরআনের নুর যত বেশি জীবনকে আলোকিত করবে, ততই ফিতনা থেকে নিরাপদ থাকা সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh