
টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আরও ৫ জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১০ জুলাই) এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদী তীরবর্তী এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার কারণ হতে পারে। একই সঙ্গে সুরমা-কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি এবং সুরমা নদী তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে।
তবে পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি ধীরে কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। একইভাবে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল হ্রাস পাওয়ায় সেখানকার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে, যদিও গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার পয়েন্টে মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছিল।
আপনার মতামত লিখুন :