Facebook Twitter Instagram YouTube

বনানী থানার মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক


প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৬, ৬:০২ পূর্বাহ্ণ /
বনানী থানার মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আইনজীবীদের তথ্য অনুযায়ী, এই মামলায় জামিন পাওয়ার পর তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা অবশিষ্ট নেই। আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ৩০ জুন যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় একই হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে, পরবর্তীতে ২ জুলাই চেম্বার আদালত তার জামিন বহাল রাখেন। তবে পরবর্তীতে তাকে বনানী থানার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

মামলার নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায়, গত ২৩ মে সাতটি পৃথক মামলায় জামিন পাওয়ার পর তাকে নতুন করে যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দিয়েছিলেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল ১৬ মে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী পদচারী-সেতুর নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোয়াইব। বেলা ১১টার দিকে মিছিলটি যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হলে শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের নির্দেশে পুলিশ, র‍্যাব এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের (যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ) অস্ত্রধারীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে খোয়াইব গুরুতর আহত হন এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং পরবর্তীতে তাকে মোট আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin