
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)-এর ক্যাম্পাস প্রাঙ্গণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া নবীন শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের কেবল সনদের পেছনে না ছুটে উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের সততা ও শৃঙ্খলার পাশাপাশি আইনগত সচেতনতা এবং বাস্তবিক প্রযুক্তিগত অভিজ্ঞতার ওপর জোর দেন।
অনুষ্ঠানের প্রথম পর্বের শেষে নবাগত শিক্ষার্থী ও বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়। এরপর মধ্যাহ্নভোজের বিরতি শেষে শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :