
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে, তা গুরুত্বের সাথে নজরে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের জানান, জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে প্রকাশিত খবরের দিকে দলটির নজর রয়েছে। তিনি উল্লেখ করেন যে, বিষয়টি নিয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর পিতার ভিডিও বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তারা বিস্তারিত খোঁজখবর নিচ্ছে। ঘটনার সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ সাপেক্ষে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :