Facebook Twitter Instagram YouTube

জ্বালানি তেল আমদানি নীতিমালায় বিশেষ সুবিধার সুযোগ নেই: মন্ত্রণালয়


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ /
জ্বালানি তেল আমদানি নীতিমালায় বিশেষ সুবিধার সুযোগ নেই: মন্ত্রণালয়

দেশে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার 'বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬'-এর একটি খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। জ্বালানি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেয়ার কোনো সুযোগ নেই।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, প্রস্তাবিত এই নীতিমালা প্রণয়নের মূল লক্ষ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখা। এছাড়া একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করাও এই নীতিমালার অন্যতম উদ্দেশ্য।

বিবৃতিতে আরও বলা হয়, নীতিমালাটি চূড়ান্ত করার আগে জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কেবল এ ধরনের নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।

সম্প্রতি প্রস্তাবিত এই নীতিমালা নিয়ে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমাননির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin