Facebook Twitter Instagram YouTube

২০২৬ বিশ্বকাপে মেসি ও রোনালদোকে ঘিরে ভয়াবহ সন্ত্রাসী হুমকির তথ্য ফাঁস


প্রকাশের সময় : আগস্ট ৮, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ /
২০২৬ বিশ্বকাপে মেসি ও রোনালদোকে ঘিরে ভয়াবহ সন্ত্রাসী হুমকির তথ্য ফাঁস

২০২৬ ফিফা বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম সুরক্ষিত টুর্নামেন্ট হিসেবে দাবি করা হলেও, এর পেছনের ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি ও গোপন নথির তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে। বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এবং স্প্যানিশ সংবাদমাধ্যম ‘প্রেনসা ইবেরিকা’-এর অনুসন্ধানী অপরাধবিষয়ক চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন পুলিশ ও ফিফার ফাঁস হওয়া এক গোপন ডসিয়ারে টুর্নামেন্টের সময় তারকা ফুটবলারদের ঘিরে চলা একের পর এক সন্ত্রাসী হুমকি ও মৃত্যুর আশঙ্কার চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ও অংশগ্রহণকারী দেশগুলোর পুলিশ বাহিনীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা কেন্দ্র (আইপিসিসি) বিশ্বকাপজুড়ে প্রতিদিন এই নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন তৈরি করেছে।

বিশ্বকাপে আর্জেন্টিনা ও তাদের মহাতারকা লিওনেল মেসিকে কেন্দ্র করেই মূলত সবচেয়ে বড় নিরাপত্তা হুমকিগুলো আবর্তিত হয়। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি দাবি করেন, তিনি ও তার দুই সহযোগী হ্যান্ড গ্রেনেড ও রাইফেল নিয়ে স্টেডিয়ামে হামলা চালাবেন। তারা পুলিশ ও খেলোয়াড়দের পাশাপাশি বিশেষভাবে মেসিকে হত্যার হুমকি দেন।

একই ধরনের ভয়াবহ হুমকি আসে মিশরের বিপক্ষে ম্যাচের আগেও। এক সন্দেহভাজন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, ‘আমি আটলান্টা স্টেডিয়ামে ঢুকে আমার শরীরে চারটি বোমা বেঁধে মেসিকে উড়িয়ে দেবো।’ ওই ম্যাচের সময় স্টেডিয়ামের ডাস্টবিনে তিনটি বোমা রাখা হয়েছে বলে আরেকটি জরুরি সতর্কবার্তা পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এসব হয়রানি থেকে রেহাই পাননি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। ফাঁস হওয়া নথিতে দেখা যায়, গত ১৪ই জুন ফিফার এক কর্মী জানান যে, এক সন্দেহভাজন ব্যক্তি পর্তুগিজ তারকার আবাসস্থল বা হোটেল সম্পর্কে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন। আরেকটি ঘটনায়, এক ভক্ত জোর করে রোনালদোর হোটেলে ঢুকে তার লিফটে ওঠার চেষ্টা করেন। পরে পুলিশের হাতে ধরা পড়ে তিনি জানান, তার উদ্দেশ্য ছিল কেবল একটি সেলফি তোলা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin