Facebook Twitter Instagram YouTube

আগামী দুই দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি যুগ্ম সচিব


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ /
আগামী দুই দিনে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি যুগ্ম সচিব

এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট গ্যাস সংকট আগামী দুই দিনের মধ্যে কেটে যাবে বলে আশা প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বুধবার (২২ জুলাই) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক জরুরি ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে কথা বলেন বিভাগের অপারেশন অনুবিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। এই ত্রুটি মেরামতের কাজ বর্তমানে চলমান রয়েছে। আগামী দুই দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং সিএনজি স্টেশনগুলোর সাময়িক সংকটও কেটে যাবে বলে তিনি আশ্বস্ত করেন। এই ত্রুটির কারণেই সম্প্রতি সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

দেশের সামগ্রিক গ্যাস পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা রয়েছে ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে প্রতিদিন গড়ে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরেই দেশে গ্যাসের কিছুটা ঘাটতি রয়ে গেছে।

মনির হোসেন চৌধুরী আরও উল্লেখ করেন, দেশে গ্যাস অনুসন্ধানের কাজে দীর্ঘ সময় ধরে স্থবিরতা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্যাস অনুসন্ধানের এই কার্যক্রমকে গতিশীল করার এবং কাজ এগিয়ে নেওয়ার জোর চেষ্টা চালানো হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh