Facebook Twitter Instagram YouTube

ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার বিষয়ে হাইকোর্টের রুল


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ /
ইউপি চেয়ারম্যান পদে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার বিষয়ে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি কেন নির্ধারণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদপ্রার্থীর জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না থাকাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চেয়েছেন আদালত।

বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এই রুল জারি করেন। রিট আবেদনটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

আদালতের এই রুলের জবাব দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তিন লাখ টাকা মূল্যমান পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিষয়ে আইন অনুযায়ী বিচারিক কার্যক্রম পরিচালনা করেন। অথচ, একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনসহ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু বর্তমান আইনে ইউপি চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক না থাকায় রিটে এই ধারাটি চ্যালেঞ্জ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin