
রংপুরের গঙ্গাচড়ায় অভিনব কায়দায় কোমরে লুকিয়ে গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে গঙ্গাচড়া মডেল থানার গজঘণ্টা ইউনিয়নের তালুক হাবু এলাকায় অবস্থিত দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনের সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর আদুপাড়া গ্রামের আকবর আলীর ছেলে মো. শাহীন (৩৫) এবং একই এলাকার মৃত ছকমল মিয়ার ছেলে মো. জান্নাতুল মিয়া (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রংপুরের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কে একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় ইজিবাইকের যাত্রী সেজে থাকা শাহীন ও জান্নাতুল মিয়ার দেহ তল্লাশি করে তাদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় পলিথিনে রাখা গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে শাহীনের কাছ থেকে ২ কেজি এবং জান্নাতুল মিয়ার কাছ থেকে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :