Facebook Twitter Instagram YouTube

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ সভাপতি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১:০০ অপরাহ্ণ /
জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ সভাপতি সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথসভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গত মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এই অধিবেশনে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অধিবেশন চলাকালে মন্ত্রী বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের হার কমিয়ে আনতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, কার্যকর বাস্তবায়ন এবং জবাবদিহি জোরদার করার ওপর বিশেষ জোর দেন।

অধিবেশনে দেওয়া বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, কেবল প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়, বরং সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর যথাযথ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধন, দায়িত্বের সুনির্দিষ্ট বণ্টন এবং নীতিমালার সাথে বাস্তবায়নের সামঞ্জস্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সড়ক ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই ধরনের সমস্ত উদ্যোগ অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং একটি সুদৃঢ় জবাবদিহিতার কাঠামোর মধ্যে পরিচালিত হওয়া প্রয়োজন।

জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। বিশ্বমঞ্চে এই বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্বের দায়িত্ব লাভকে সড়ক নিরাপত্তা খাতে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin