Facebook Twitter Instagram YouTube

নাটোরের গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ১২


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ /
নাটোরের গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত ১২

নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইমন নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় রাশিয়ার এক নাগরিকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ইমন নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে দ্রুত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নাটোর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ, গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy