Facebook Twitter Instagram YouTube

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আইনি সুরক্ষা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ /
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আইনি সুরক্ষা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব ধরনের সুবিধা ও সুরক্ষা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদানের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষদিকে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ৬ মাস সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিধি-বিধান অনুযায়ী এই দায়িত্ব পালন করেছেন এবং আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। তিনি আরও বলেন, সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড ছিলেন, তাই তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা যায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর বহির্ভূত কোনো সময়ে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটিতে তাদের স্বাধীনতা আছে। যারা তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তাদের সেটির অধিকার আছে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, সেটি আছে। এনসিপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে, তবে আমলে নেওয়ার মতো কোনো বিষয় সেখানে নেই।

সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী সব সুবিধা মো. সাহাবুদ্দিন পাবেন। তার প্রটেকশনের জন্য এসএসএফ ও পিজিআরসহ ৬ মাসের একটি বিধান রয়েছে। এ ছাড়াও পুলিশ ও অন্যান্য সংস্থা থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন অনুযায়ী যেসব সুবিধা রয়েছে, তার সব সুবিধা তিনি পাবেন বলে মন্ত্রী পুনরায় নিশ্চিত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor