
পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) ভোরে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় দেড় বছর ধরে তিনি ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রতিদিনের ন্যায় সোমবার ভোরেও তিনি ফজরের নামাজ পড়াতে মসজিদে গিয়েছিলেন। নামাজের সুন্নত অংশের দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ওঠেননি। বিষয়টি লক্ষ্য করে মুসল্লিরা তার কাছে গিয়ে ডাকাডাকি করেন। এক পর্যায়ে তারা বুঝতে পারেন, সেজদারত অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাফেজ আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসা থেকে পড়াশোনা সম্পন্ন করেছিলেন। তার গ্রামের বাড়ি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকায়। তিনি মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন। স্থানীয়দের মতে, আতাউল্লাহ অত্যন্ত সজ্জন, ভদ্র এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে তার গভীর আন্তরিক সম্পর্ক ছিল।
তার মামাতো ভাই মহিবুল্লাহ জানান, পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন এবং তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার জোহরের নামাজের পর দুমকীর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আপনার মতামত লিখুন :