Facebook Twitter Instagram YouTube

ওমরাহ ভিসায় সৌদিতে যেতে এখন মানতে হবে নতুন শর্ত


প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
ওমরাহ ভিসায় সৌদিতে যেতে এখন মানতে হবে নতুন শর্ত

সৌদি আরবে ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেও সরাসরি দেশটিতে প্রবেশ করা যাবে না। প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) গালফ নিউজ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এছাড়া নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করাও এখন বাধ্যতামূলক।

চলতি বছরের জুলাই মাসে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই মেয়াদের মধ্যে একজন মুসল্লি একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারেন, তবে পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণে আরও সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার প্রবেশের আগে নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে। প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে এবং সেই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার বেশি হতে পারবে না। এছাড়া পারমিটে উল্লেখ করা তারিখ এবং সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের মিল থাকা জরুরি।

সৌদি আরবে প্রবেশের সময় ভিসাধারীদের অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও নিয়মও পূরণ করতে হবে। প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুক অনুমোদিত প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। সৌদি আরবে পৌঁছানোর পর প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে এবং দেশ ছাড়ার সময়ও ভ্রমণের তথ্য হালনাগাদ করা হবে। এর মাধ্যমে একজন ভিসাধারী ৯০ দিনের অনুমোদিত মোট অবস্থানের কত দিন ব্যবহার করেছেন এবং কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din