Facebook Twitter Instagram YouTube

রাজধানীতে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ /
রাজধানীতে ইমিগ্রেশন পুলিশের এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩ সেলাই

রাজধানীর মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাউজিংয়ের মূল সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় এসআই ওসমান গনি তার স্ত্রী তানজিনা সীমা ও সন্তানকে নিয়ে বাজার শেষে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে এক দুর্বৃত্ত তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলার পরপরই আহত অবস্থায় ওসমান গনি হামলাকারীকে ধাওয়া করলেও তাকে আটক করা সম্ভব হয়নি।

প্রাথমিকভাবে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ছুরিকাঘাতের ফলে তার পিঠজুড়ে গুরুতর ক্ষত তৈরি হয়েছে এবং তাকে ৪৩টি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। আমরা জড়িত হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy