Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে ভারত


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ /
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের পাঠানো অনুরোধটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না এবং ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে জানতে চান। এর জবাবে রণধীর জয়সওয়াল ভারতের আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া গেছে। তিনি জানান, এই অনুরোধটি এখন ভারতের অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

মুখপাত্র আরও উল্লেখ করেন, যেকোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই ভারত সম্পূর্ণ আইনি ও বিচারিক কাঠামোর আলোকে এই অনুরোধ বিবেচনা করছে। ভারতের প্রচলিত আইন এবং দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতাগুলো খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মুখপাত্র।

একই ব্রিফিংয়ে অন্য একজন সাংবাদিক বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, নির্বাচনের আগে এক রাজনীতিবিদকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতীয় পুলিশ হেফাজতে রাখা এবং তার প্রত্যর্পণের নথিপত্র হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করেন। তবে ওই সাংবাদিক অভিযুক্ত ব্যক্তি বা ভুক্তভোগী রাজনীতিবিদের নাম উল্লেখ করেননি। এ বিষয়ে রণধীর জয়সওয়াল জানান, তার কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তি যে-ই হোক না কেন, প্রত্যর্পণের যেকোনো অনুরোধ ভারতের বিচারপ্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষ্পত্তি করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy