
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শনিবার সকাল ৬টা ৫৮ মিনিটে বিমানবন্দরটির গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে শনাক্ত করা হয়।
সিআইআইডির পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত যাত্রীর নাম থামিম আনসারি। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ নম্বর ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা তাকে তল্লাশি করেন।
তল্লাশির সময় থামিম আনসারির অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়। প্যাকিং সামগ্রীসহ জব্দকৃত বস্তুটির প্রাথমিক ওজন পাওয়া গেছে ৪৫৫ গ্রাম। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী সরিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা যাচাইয়ের কাজ চলছে। সিআইআইডির প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
ঘটনার বিষয়ে সিআইআইডি জানিয়েছে, কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও সিআইআইডি সতর্ক করেছে।
আপনার মতামত লিখুন :