Facebook Twitter Instagram YouTube

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ /
জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। গত ৯ জুলাই বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে।

জর্ডানের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান থেকে জর্ডান ভূখণ্ডের দিকে ধেয়ে আসা মোট ৮টি ক্ষেপণাস্ত্র দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার ফলে কিছু ধ্বংসাবশেষ নিচে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা বড় ধরনের কোনো বস্তুগত ক্ষয়ক্ষতি হয়নি। জর্ডানের সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে, কোনো পক্ষকেই তাদের আকাশসীমা লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না।

এদিকে, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে যে, তারা জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং শত্রুপক্ষের বিমান ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সফল আঘাত হেনেছে। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি পুনরায় কোনো আগ্রাসন চালায়, তবে এই অঞ্চলে অবস্থিত তাদের অন্য কোনো ঘাঁটিই ইরানের ভারী হামলা থেকে নিরাপদ থাকবে না।

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলার অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে। এর আগে গত ৮ জুলাই বুধবার এবং ৯ জুলাই বৃহস্পতিবার ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh