
নেপাল ও চীন সীমান্তবর্তী নদীর উচ্চপ্রবাহে বরফ ও বিশাল আকৃতির পাথর ধসে পড়ায় নদীর স্বাভাবিক গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে সেখানে পানি জমে একটি বিশাল কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। কাঠমান্ডুর চীনা দূতাবাস সতর্ক করে জানিয়েছে, হ্রদটিতে পানির পরিমাণ অনেক বেড়ে গেছে এবং তা বাঁধের ওপর দিয়ে উপচে পড়তে শুরু করেছে। যেকোনো সময় এই বাঁধ ভেঙে নিচে তীব্র বন্যা ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।
নেপালের ‘চ্ছোদেন খোলা’ ও ‘পুরেপু সাংপো’ নদীর সংযোগস্থলের কাছে পাহাড় ধসে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এই এলাকাটি নিয়ে নেপাল ও চীন—উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। উদ্ধার ও জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত সংকটময় মুহূর্ত বলে গণ্য করা হচ্ছে।
বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে নদীর ভাটি অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষকে সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পানির স্তরের যেকোনো পরিবর্তনের দিকে নজর রাখতে বলা হয়েছে। তবে হ্রদে ঠিক কতখানি পানি জমেছে বা এটি ঠিক কখন ভেঙে পড়তে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
নেপালের রসোয়াসহ বিভিন্ন জেলায় আগে থেকেই ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি চলমান থাকায় এই নতুন ঝুঁকি জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। চীনা দূতাবাস এ বিষয়ে সাধারণ মানুষকে কোনো যাচাই না করা খবরে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং কেবল নির্ভরযোগ্য ও সরকারি তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ করেছে।
আপনার মতামত লিখুন :