
পাবনা শহরের ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) পাবনা জেলা শাখার উদ্যোগে একটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে আয়োজিত এই কর্মশালাটি বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের গণমানুষের নেতা অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহায়তা করবে।
ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্প ও ব্যবসা খাতের উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।
পাবনা জেলা শাখার সভাপতি আব্দুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বগুড়া জেলা পরিচালক সেলিম রেজা এবং প্রিন্সিপাল ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রিন্সিপাল ইকবাল হোসেন বলেন, শিক্ষা ও দক্ষতার সমন্বয় ছাড়া বর্তমান সময়ে সফল উদ্যোক্তা হওয়া সম্ভব নয়। তরুণদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বগুড়া জেলা পরিচালক সেলিম রেজা বলেন, শিল্প ও ব্যবসা খাতের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিং অত্যন্ত জরুরি। আইবিডব্লিউএফ দেশের বিভিন্ন জেলার উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখছে।
প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন এবং অভিজ্ঞতা বিনিময় করেন। বক্তারা দেশের শিল্প খাতের উন্নয়ন, উদ্যোক্তা তৈরির গুরুত্ব এবং ব্যবসায়ীদের কল্যাণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ব্যবসায়িক জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :