Facebook Twitter Instagram YouTube

জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে রাজপথে নামানোর চেষ্টা করছে: রাশেদ খাঁন


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ /
জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে রাজপথে নামানোর চেষ্টা করছে: রাশেদ খাঁন

জামায়াত-ই-ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে এবং তাদের ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লংমার্চের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা মূলত ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে পুনরায় ফিরিয়ে আনার একটি অপচেষ্টা। দেশের সাধারণ জনগণ তাদের এই পরিকল্পনা কখনোই মেনে নেবে না।

শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন এসব কথা বলেন। তিনি জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, জামায়াতের ওই এমপি দাবি করেছেন বিএনপি সরকার নাকি বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে। এই বক্তব্যের ধিক্কার জানিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপি এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বিগত ১৭ বছর যারা নিজেদের কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেনি, জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেবে না।

জামায়াত ও এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী প্রশ্ন তোলেন, তারা কী সুবিধা পাচ্ছেন না? তিনি আরও বলেন, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিরা বিরোধিতা ও হট্টগোল করেছেন। একদিকে তারা গুম কমিশনে গুমের ঘটনার বিচার চাইছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুম হওয়া নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এটাই জামায়াত-এনসিপির দ্বিমুখী চরিত্র।

রাশেদ খাঁন বলেন, যেদিন এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই তারা রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে। এখন সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে—'যাহাই জামায়াত, তাহাই এনসিপি'। এই দুই দল মিলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আওয়ামী লীগকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে। তবে দেশ অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হলে বাংলাদেশপন্থী জনগণ তা কোনোভাবেই বরদাস্ত করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাশেদ খাঁনের সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল Azad পান্নু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy