
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশে রোপণ করা চারা গাছ উপড়ে ফেলার ঘটনাকে ‘বৃক্ষ হত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কলমাকান্দার বাবনি এলাকায় ক্ষতিগ্রস্ত গাছের চারাগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই ক্ষোভ ও নির্দেশনার কথা জানান।
ঘটনার দুই দিন পার হয়ে গেলেও স্থানীয় প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে না পারায় ব্যারিস্টার কায়সার কামাল চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, গাছ কেবল গাছ নয়, বরং এটি একটি জীবন। যারা এই গাছগুলোকে হত্যা করেছে, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন। এই অশুভ শক্তির অপতৎপরতা বৃক্ষরোপণ কর্মসূচিকে কোনোভাবেই স্তব্ধ করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। তার মতে, একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা এবং এগুলো কেবল সরকারের নয়, বরং সবার সম্পদ।
গাছ ধ্বংসের প্রতিক্রিয়ায় তিনি ওই একই স্থানে নতুন করে ১ হাজার ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘তোমরা একটা হত্যা করবা, আরো ১০টা জন্ম নেবে।’ চারাগুলো যেন সঠিকভাবে বেড়ে ওঠে, সেজন্য কার্যকর পরিচর্যা ও সুরক্ষার আশ্বাসও দেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে গাছ সুরক্ষায় পাহারাদার হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, গাছ হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে ব্যর্থ হওয়াটা প্রশাসনের জন্য দুঃখজনক। ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার যে নির্দেশ তিনি দিয়েছেন, তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :