Facebook Twitter Instagram YouTube

হামলা করে পার পাওয়ার দিন শেষ: হুঁশিয়ারি ইরানের


প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ /
হামলা করে পার পাওয়ার দিন শেষ: হুঁশিয়ারি ইরানের

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে-রেজা ঘোষণা করেছেন যে, সাম্প্রতিক সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সামরিক হুমকি ও চাপ প্রয়োগের যুগের অবসান ঘটেছে এবং অতর্কিত হামলা চালিয়ে পার পাওয়ার দিন শেষ হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেনারেল মাজিদ ইবনে-রেজা আরও বলেন, হাজার বছরের ইতিহাসের শিক্ষা নিয়ে ইরানের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে। তিনি মন্তব্য করেন যে, গণমাধ্যমে প্রচারণা চালিয়ে সংঘাতের বাস্তবতা বা ফলাফল পরিবর্তন করা সম্ভব নয়।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি চাপ ও জবরদস্তির পথ পরিহার করে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনায় ফিরে আসে, তবেই নতুন করে কূটনীতি শুরু করা সম্ভব। তিনি স্পষ্ট করেন যে, ওয়াশিংটনকে অবশ্যই ইরানের অধিকার স্বীকার করতে হবে, আস্থা তৈরি করতে হবে এবং পূর্বের প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে হবে।

তেহরানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর আরাগচি আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উত্তেজনা কমানোর ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তিনি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে বহিরাগত যেকোনো ধরনের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার ওপরও জোর দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh