Facebook Twitter Instagram YouTube

মন্ত্রিসভা থেকে ইশরাকের পদত্যাগ নির্দেশ নিয়ে ধোঁয়াশা, অস্বীকার প্রতিমন্ত্রীর


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ণ / ০
মন্ত্রিসভা থেকে ইশরাকের পদত্যাগ নির্দেশ নিয়ে ধোঁয়াশা, অস্বীকার প্রতিমন্ত্রীর

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পদত্যাগের নির্দেশের কোনো তথ্য পাওয়া যায়নি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে নীরব রয়েছেন।

রোববার রাতে একাধিক অনলাইন পত্রিকায় প্রচারিত হয় যে, শনিবার অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ায় ব্যাপক সমালোচনার জেরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এসব প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইশরাককে ডেকে পাঠান এবং সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে, রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজেই এই খবরকে অস্বীকার করেছেন। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় তিনি পদত্যাগের নির্দেশের খবরটিকে ‘গুজব’ আখ্যা দিয়ে বলেন, এর কোনো সত্যতা নেই। তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান এবং বলেন, যারা এই তথ্য দিয়েছে তারা ‘উড়ো খবর’ ছড়িয়েছে।

প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তাও গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ পত্রে ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত রিপোর্টকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই সংবাদ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মুক্তা আরও জানান, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।

প্রেস কর্মকর্তা মুক্তা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এই ধরনের কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি উল্লেখ করেন, শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে কেবল আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের যে ঘটনাটি ঘটেছিল, তা নিয়ে প্রতিমন্ত্রী ইতিপূর্বেই তার অবস্থান পরিষ্কার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগ সংক্রান্ত যেকোনো খবর ছড়ানো সম্পূর্ণ বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। তিনি সংশ্লিষ্ট সকল গণমাধ্যম ও দেশবাসীকে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানান এবং বিভ্রান্তিকর খবর প্রকাশকারী মাধ্যমগুলোকে অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, গভীর রাতে এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী ইশরাক লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যেকোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায়। তিনি আরও লেখেন, এই সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ, অথবা আরও দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা তার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin