Facebook Twitter Instagram YouTube

অভিবাসী সংকটের জেরে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ /
অভিবাসী সংকটের জেরে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

স্পেনের সিউতা ছিটমহলে বিপুল সংখ্যক অনিয়মিত অভিবাসীর প্রবেশের জেরে দেশটির সঙ্গে শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। একই সঙ্গে ইতালি সরকার স্পেনের সঙ্গে আকাশ ও সমুদ্রপথের সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করেছে।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, বৃহস্পতিবার সিউতায় প্রায় ৫০ হাজার অনিয়মিত অভিবাসী প্রবেশের পর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিশ্লেষণ কমিটির মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তকে ‘প্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপের সীমান্ত রক্ষার জন্য শেনজেন চুক্তি সাময়িকভাবে স্থগিত করা একটি অনিবার্য পদক্ষেপ। তাজানি আরও বলেন, এটি ইউরোপীয় চুক্তির আওতায় অনুমোদিত একটি ব্যবস্থা। তিনি সিউতার ঘটনাকে ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি যৌথ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অনিয়ন্ত্রিত অভিবাসন, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সিউতায় গণহারে অভিবাসীদের প্রবেশকে ‘স্পেনের ভূখণ্ডের ওপর হামলা’ এবং ‘দেশটির আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন। তিনি যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার অঙ্গীকার করেছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিউতায় প্রবেশ করা প্রায় ৫০ হাজার অভিবাসীর মধ্যে ৪৮ হাজারেরও বেশি ইতোমধ্যে মরক্কোতে ফিরে গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh