Facebook Twitter Instagram YouTube

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবনতি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ /
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবনতি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মার্কিন প্রশাসন নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখার পরামর্শ দিয়েছে। গত শনিবার জর্ডান, ইরাক ও ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে অবস্থিত কনস্যুলেট জেনারেল থেকে পৃথকভাবে এই নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়া কিংবা ভ্রমণের ক্ষেত্রে যেকোনো ধরনের বিঘ্ন ঘটার পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থান করছেন, তাদের অঞ্চলটিতে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে।

মার্কিন দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। এছাড়া বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অত্যন্ত পরিবর্তনশীল হিসেবে বর্ণনা করেছে মার্কিন প্রশাসন।

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বিশেষভাবে দেশটিতে থাকা নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোর আশপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জর্ডান সরকারের নির্দেশনা মেনে চলা এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এল। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ওয়াশিংটন চলতি সপ্তাহান্তেই ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin