Facebook Twitter Instagram YouTube

গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না: জামায়াত আমির


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ /
গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না: জামায়াত আমির

বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে গণভোটে ৭০ শতাংশ জনগণ তাদের রায় দিয়েছে, সেই রায় না মানলে এই সরকারকেও মানা হবে না। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আপনারা ৯১ সালের পরে ক্ষমতায় এসে বোঝেন নাই কেয়ারটেকার সরকার কাকে বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলবো জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। আমরা রাজপথে এভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা আমাদেরকে রাজপথের দিকে ঠেলে দিচ্ছেন।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল সভাপতিত্ব করেন। বরিশালকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকার গঠনের আগে আপনারা ৩১ দফায় বলেছেন, ক্ষমতায় গেলে সারা দেশের সুষম উন্নয়ন করবেন। বরিশালকে বঞ্চিত করে সুষম উন্নয়ন সম্ভব নয়। ঢাকা থেকে সড়ক পথে ভাঙ্গা এসে যখন সেখান থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হলাম, তখন দেখি ভাঙ্গার পরেই ভাঙ্গা রাস্তা শুরু হয়েছে।

সরকার জাতির সাথে বিশ্বাস ঘাতকতা করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সাফ কথা, গণভোট না থাকলে সরকারকেও মানা হবে না। ২৪-এর আন্দোলনের শ্লোগানের মতো বক্ষে আগুন লাগাবেন না। ৭১-এর মর্যাদাও থাকবে, ২৪-এর বীরদেরও রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, গণভোটের গণরায় সরকারকে মানতেই হবে। যারা গণরায় মানে না, তারা জাতির শত্রু।

সমাবেশে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের মানুষকে ভয় দেখানো বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ১১ দলীয় জোটের সমাবেশ আনুষ্ঠানিকভাবে বেলা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২টার দিক থেকেই নেতাদের বক্তব্য শুরু হয়। সকাল থেকে বরিশালে থেমে থেমে হওয়া বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্থান থেকে অসংখ্য নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh