
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে 'নৈতিক অভিভাবকত্ব : আত্মিক সম্পর্কের ভিত্তিতে নৈতিক সমাজ বিনির্মাণ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সঠিক দিকনির্দেশনার অভাবে ও আর্থিক সংকটে ঝরে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধসম্পন্ন একটি আত্মিক পরিবার গড়ে তোলার লক্ষ্যেই এই সেমিনারের আয়োজন করা হয়েছে। মোরাল প্যারেন্টিং ট্রাস্ট একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে কাজ করছে। তারা সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ ও নৈতিকতার ধারণা ছড়িয়ে দেওয়ার কাজ করছে এবং সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের।
সেমিনারের মূল ধারণা ব্যাখ্যা করে আয়োজকরা বলেন, মোরাল প্যারেন্টিং শুধুমাত্র বৃত্তি প্রদানের একটি কার্যক্রম নয়, বরং এটি একটি আত্মিক পরিবার। এই পরিবারের মোরাল প্যারেন্টরা আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন এবং স্থানীয় শিক্ষকরা ক্যাম্পাস অভিভাবক হিসেবে সেই সহায়তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়ে তাদের দেখভাল করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ট্রাস্টি সদস্য কাজী শহিদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সেমিনারে আলোচিত বিষয়গুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি শিক্ষক ও সমাজের বিভিন্ন পর্যায়ে মোরাল প্যারেন্টিংয়ের এই ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ক্যাম্পাস অভিভাবক ও সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, মোরাল প্যারেন্টিংকে তিনি কেবল 'ডোনেশন' বা আর্থিক অনুদান হিসেবে দেখতে চান না; বরং এটি পারস্পরিক দায়িত্ব গ্রহণের একটি প্রক্রিয়া। একজনের কাছ থেকে নেওয়া এই দায়িত্ব পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, মানুষের মানসিক সন্তুষ্টি অর্জনেও মোরাল প্যারেন্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :