Facebook Twitter Instagram YouTube

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ /
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় আরও এক মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

গত শনিবার (১৭ জুলাই) সেন্টকমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জর্ডানে মোতায়েন করা মার্কিন ও তাদের মিত্রবাহিনীর সদস্যরা যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করছিলেন, তখনই এই হতাহতের ঘটনা ঘটে।

হামলায় আহত অন্য চার মার্কিন সেনাকে জর্ডানের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সেনা সামান্য আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা ইতিমধ্যেই নিজেদের দায়িত্ব পালনে ফিরেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিহত সেনাসদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি সেন্টকম। নিয়ম অনুযায়ী, নিহতদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে এই দুঃখজনক খবর জানানোর ২৪ ঘণ্টা পার হওয়ার পর তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হবে।

এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিহত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘বিদায়, বীরেরা। আপনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh