
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। শিরোপা হাতছাড়া হওয়ার এই গভীর কষ্ট থেকে তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এই ফুটবলার নিজেই এই ইঙ্গিত দিয়েছেন।
কোপা সুদামেরিকানার নকআউট পর্বের প্লে-অফে ও'হিগিন্সকে ১-০ গোলে হারিয়েছে পারেদেসের ক্লাব বোকা জুনিয়র্স। শুক্রবার সকালে এই ম্যাচ জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে ক্লাবের জয়ের চেয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রসঙ্গই বেশি গুরুত্ব পায়। পারেদেস বলেন, 'আমি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারব কি না, জানি না। পুরো বিষয়টি ভালোভাবে ভেবে দেখতে হবে। আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। যদিও আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি, কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট দীর্ঘদিন থাকবে। কারণ, আমরা আবারও শিরোপার খুব কাছাকাছি গিয়েছিলাম।'
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হতে হয় আর্জেন্টিনাকে। সেই আসরে নিজের শারীরিক সমস্যা নিয়ে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে পারেদেস জানান, পুরো টুর্নামেন্টজুড়ে পাঁজরের চোট তাকে বেশ ভুগিয়েছে। তিনি বলেন, 'বিশ্বকাপের প্রথম কয়েক দিন খুব কঠিন ছিল। কারণ, আমার পাঁজরে ছোট একটি চিড় ধরেছিল। এখন আমি ভালো আছি। প্রথম কয়েক দিন, এমনকি মিসরের বিপক্ষে ম্যাচের পরও তীব্র ব্যথা ছিল। শেষ পর্যন্ত ট্রমাটোলজিস্ট ও মেডিকেল দলের সহায়তায় মাঠে নামতে পেরেছি।'
ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠের ভেতর স্পেনের দুই খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে আলোচনায় এসেছিলেন পারেদেস। তবে ম্যাচটি ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন তিনি। এই মিডফিল্ডার বলেন, 'ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আমরা ভাবি না। আমরা জানি, দারুণ একটি বিশ্বকাপ খেলেছি। ফাইনালে স্পেনই ছিল সেরা দল। তাদের জয় এবং চ্যাম্পিয়ন হওয়াটা প্রাপ্য ছিল।'
বিগত আট বছরে আলবিসেলেস্তেদের অর্জন নিয়ে গর্ব প্রকাশ করে পারেদেস বলেন, 'গত আট বছরে আমরা যা অর্জন করেছি, এখন সেটি উপভোগ করার সময়। এই দলের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের। দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে যাওয়া মোটেও সহজ নয়।' একই সঙ্গে অধিনায়ক লিওনেল মেসি ও প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে চলমান আলোচনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার মতে, 'চালিয়ে যাওয়া বা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত অনেকের জন্যই কঠিন হবে। আমাদের পথচলাটা ছিল অসাধারণ। আমরা গুরুত্বপূর্ণ অনেক কিছু অর্জন করেছি। এই মান ধরে রাখা এবং দলের জন্য একইভাবে কাজ করে যাওয়া সহজ হবে না।'
আপনার মতামত লিখুন :