Facebook Twitter Instagram YouTube

রাষ্ট্রপতির পদে থাকাকালীন আইনি সুরক্ষা থাকলেও পরে ব্যবস্থা সম্ভব: উপদেষ্টা


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ /
রাষ্ট্রপতির পদে থাকাকালীন আইনি সুরক্ষা থাকলেও পরে ব্যবস্থা সম্ভব: উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে থাকাকালীন কোনো ব্যক্তি আইনের মুখোমুখি হন না। তবে দায়িত্ব পালনের আগে বা পরে যদি কোনো অভিযোগ থাকে, তবে সেগুলোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা স্পষ্ট করেন যে, তার এই বক্তব্য সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির জন্য নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

সদ্য সাবেক রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকাকালীন আইনের মুখোমুখি হন না, কিন্তু পদ থেকে সরে যাওয়ার পর যেকোনো অসদাচরণের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন এ বছরের মধ্যেই শুরুর বিষয়ে সরকারের বর্তমান অবস্থান বহাল আছে বলে জানান উপদেষ্টা। একই সঙ্গে তিনি কক্সবাজারকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন।

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের সময় জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও সরকারি চাকরি আইনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, সরকারি চাকরি আইন অনুযায়ী কারো চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে এবং এক্ষেত্রে কারণ দর্শানোরও বাধ্যবাধকতা নেই।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে উপদেষ্টা জানান, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, বরং পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রিত হয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যাবেন কি না, সে বিষয়ে সরকার পর্যায়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি উল্লেখ করেন, যদি প্রধানমন্ত্রী সম্মেলনে যান তবে অনেকের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি হতে পারে, যদিও এ নিয়ে প্রাথমিক কোনো কথাবার্তা হয়েছে বলে তার জানা নেই। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo