Facebook Twitter Instagram YouTube

বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ২:০১ অপরাহ্ণ /
বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো তিনি সেখানে উপস্থিত হয়ে কাজ শুরু করেন।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। এরপর তাকে গার্ড অব অনার প্রদানের স্থানে নিয়ে যাওয়া হয় এবং পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে অক্টাগনে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তার কার্যালয়ে উপস্থিত হন এবং সেখানকার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাকে বঙ্গভবনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin