
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।
গত ২১ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করা হয়। মোজাফফর হোসেনকে ঘিরে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ছাড়া প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী ও মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেন।
উল্লেখ্য, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :