Facebook Twitter Instagram YouTube

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়িতেই গাইলেন প্রতিবাদী গান


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ / ০
দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়িতেই গাইলেন প্রতিবাদী গান

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির সাউথ এভিনিউ থেকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানিয়ে একটি বাসস্ট্যান্ডে ধরনায় বসার সময় তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে তাকে আটক করা হয়। পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় মমতা ও তার দলের নেতারা সমস্বরে ‘উই আর নট অ্যালন’ গানটি গাইছিলেন। এই পুরো ঘটনাটি মমতার ফেসবুক লাইভে দেখা গেছে।

লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সিজেপি-র আমন্ত্রণে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তিনি বলেন, বাড়ির সামনে একটি বেঞ্চ নিয়ে শান্তিপূর্ণভাবে বসার পর তাদের যেতে বাধা দেওয়া হয়। ‘সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি’ ব্যানার ও বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বসার পরই পুলিশ তাদের ওপর শক্তি প্রয়োগ করে প্রিজন ভ্যানে তোলে। মমতা অভিযোগ করেন, এরপর প্রায় ৪০ মিনিট ধরে রাফ ড্রাইভিং করে তাদের সারা দিল্লি ঘোরানো হয়েছে।

ঘটনাটিকে দুর্ভাগ্যজনক অভিহিত করে মমতা বলেন, এভাবে ভারতের গণতন্ত্র বাঁচানো সম্ভব নয়। তিনি আরও বলেন, বিজেপি যেখানেই আছে সেখানেই গণতন্ত্রকে হত্যা করছে। মানুষকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে মমতা জানান, সরকার তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং ভুল তথ্য প্রচার করছে। ইন্ডিয়া অ্যালায়েন্স ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন। এই আন্দোলনে নেহা বোরাক নামের আরেক আলোচিত মুখকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin