Facebook Twitter Instagram YouTube

মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামীর


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামীর

মাগুরার শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজের স্ত্রী ও দেড় বছরের শিশু সন্তানকে বৈদ্যুতিক বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অপূর্ব পুকুরিয়া গ্রামের মৃত অমাল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার দিন ভোর ৫টার দিকে অপূর্বর স্ত্রী দীপা বিশ্বাস তার দেড় বছরের সন্তানকে কোলে নিয়ে বাড়ির ওপরের জিআই তারে কাপড় শুকাতে গিয়েছিলেন। কাপড় মেলতে গিয়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। স্ত্রীর চিৎকার শুনে অপূর্ব দ্রুত ঘুম থেকে উঠে আসেন। এ সময় স্ত্রী ও সন্তানকে বিদ্যুতায়িত অবস্থা থেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বৈদ্যুতিক তারের সংস্পর্শে জড়িয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপূর্বকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে অপূর্বর স্ত্রী, মা ও পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন অপূর্ব।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh