
দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে নতুন ডায়ালাইসিস বেড যুক্ত করা হচ্ছে। এছাড়াও জেলা সদর হাসপাতালগুলোতে ১০টি করে ডায়ালাইসিস বেড স্থাপনের কাজ চলছে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলা হাসপাতালেও ১০টি করে ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব তথ্য জানান। ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি দালাল চক্র গর্ভবতী মায়েদের এমন চিকিৎসকদের কাছে নিয়ে যায়, যারা প্রসূতিদের সরাসরি অস্ত্রোপচারের কক্ষে নিয়ে যান। এছাড়া অস্ত্রোপচারের পর নবজাতকদের শালদুধ খেতে না দেওয়ার প্রবণতা শিশুদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি তৈরি করছে। ইউনিসেফ এবং বিভিন্ন দাতাদেশের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী জানান, সিজারিয়ান অপারেশন একটি চক্রের হাতে চলে গেছে। এই দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়া নিশ্চিত করতে সরকার কাজ করছে।
মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ এবং পরিচর্যাকারী নিয়োগ দেবে। তারা আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি গ্রামীণ মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। এছাড়া চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে। এই ল্যাবগুলোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি মাসেই এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে।
আপনার মতামত লিখুন :