Facebook Twitter Instagram YouTube

হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ /
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬৮ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে এবং ৯৯ জন মারা গেছেন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ৩৬৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ২১৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে রোগতত্ত্ববিদেরা জানিয়েছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। প্রাদুর্ভাবের সময় হামের উপসর্গ নিয়ে যত মৃত্যু হচ্ছে, তার সবই হামে মৃত্যু বলে গণ্য করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy